যুদ্ধ বন্ধে উপসাগরীয় দেশগুলোর দায়িত্ব মনে করিয়ে দিলো ইরান

আপডেট : ১০ জুন ২০২৬, ১২:০৮

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক হামলা ও আগ্রাসন প্রতিরোধে পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর আইনি ও নৈতিক দায়বদ্ধতা রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

তেহরানের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এই দেশগুলোর বিশেষ ভূমিকা পালন করা উচিত। বুধবার (১০ জুন) আন্তর্জাতিক সংবাদসংস্থা এএফপির এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই বিষয়ে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। বিবৃতিতে বলা হয়, পারস্য উপসাগরের দক্ষিণ উপকূলে অবস্থিত রাষ্ট্রগুলোসহ অঞ্চলের সমস্ত দেশের একটি আইনি এবং নৈতিক দায়িত্ব রয়েছে যাতে তাদের ভূখণ্ড বা কোনো ধরনের সামরিক সুবিধা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো বৈরী পদক্ষেপ নেওয়া না হয়।

তেহরান আরও উল্লেখ করেছে যে মার্কিন সামরিক বাহিনী এবং ইসরায়েল যাতে এই অঞ্চলের কোনো দেশের মাটি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হামলা বা শত্রুতার পরিকল্পনা, সংগঠন, বাস্তবায়ন বা সমর্থন করতে না পারে, তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। মধ্যপ্রাচ্যে চলমান তীব্র সামরিক উত্তেজনার মধ্যেই ইরানের পক্ষ থেকে প্রতিবেশীদের প্রতি এই আহ্বান জানানো হলো।

সূত্র: ডন

ইত্তেফাক/টিএইচ