ডেঙ্গু রোগী বেশি হলে যেভাবে পারি অতিরিক্ত ডাক্তার দেব: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১০ জুন ২০২৬, ১৩:৩৫

ডেঙ্গু রোগী বেশি হলে মানুষকে বাঁচাতে যেভাবেই হোক অতিরিক্ত ডাক্তার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (১০ জুন) জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আধুনিকায়নে জিয়াউর রহমানের অবদান ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় চিকিৎসকদের সব ধরনের লজিস্টিকস ও প্রয়োজনীয় সহায়তা করা হবে।

এ সময় তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দিকনির্দেশনা মেনে দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু মৌসুম বা প্রাদুর্ভাবের সময় হাসপাতালে রোগী বাড়লে চিকিৎসাকাজে যেকোনো কিছুর প্রয়োজন হতে পারে। এমন পরিস্থিতিতে চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে জানালে সরকার তা সঙ্গে সঙ্গে ব্যবস্থা করবে।

স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু মোকাবেলায় যার যার অবস্থান থেকে সবাইকে ঘরবাড়ি ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। তিনি বলেন, আপনারা দয়া করে যার যার অবস্থান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। ডেঙ্গুর প্রটোকল মেনটেইন করবেন।

চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের অনেক বিরাট বড় সার্কেল সারা বাংলাদেশে। ডেঙ্গু রোগীর শারীরিক অবস্থা সবসময় নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে, যেন কোনো অবনতি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। যদি সমস্যা হয়, রোগী বেশি হয়ে যায়, আমাদের জানাবেন। আমরা যেমনে পারি ডাক্তার দেব। প্রয়োজনে আপনাদের বাইটা (ভাগ করে) দিয়ে দিব। তবু আমাদের মানুষদের বাঁচাতে হবে।’

জিয়াউর রহমানের রাজনৈতিক অবদানের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সিপাহি বিপ্লবের মাধ্যমে জনগণ জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে ক্ষমতায় বসিয়েছিল। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং রাজনীতির পথ সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন।’

এ সময় জিয়াউর রহমান এবং তার সন্তান আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দেশের জন্য তার নেতৃত্বের সফলতা কামনা করেন মন্ত্রী।

ইত্তেফাক/এটিএন