চার বিশ্ববিদ্যালয়ে পাঁচ উপ-উপাচার্য নিয়োগ

আপডেট : ১০ জুন ২০২৬, ১৪:১৬

দেশের চারটি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে নতুন পাঁচজন উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর বা প্রোভিসি) নিয়োগ দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ দেওয়া হয়। বুধবার (১০ জুন) সকালে মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।

নতুন নিয়োগ পাওয়াদের মেয়াদকাল যোগদানের তারিখ থেকে পরবর্তী ৪ বছর।

প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ আলী জিন্নাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) হিসেবে বিশ্ববিদ্যালয়টির বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন, একই বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) বিশ্ববিদ্যালয়টির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বর্তমানে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস সিদ্দিকী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি বিভাগের ডিন ড. মুহাম্মদ শফিকুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।

এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) মোহাম্মাদ শামীম উদ্দিন খান, একই বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) ড. কামাল উদ্দিন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মোহাম্মদ রেজুয়ানুল হককে অব্যাহতিপূর্বক মূল পদে যোগদানের জন্য বলা হয়েছে।

নিয়োগ-সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনগুলোতে শর্ত হিসেবে বলা হয়েছে, নতুন উপ-উপাচার্যরা তাদের বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি ও বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন এবং তাদের সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

ইত্তেফাক/এনটিএম