সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা শনাক্ত হয়নি। এ নিয়ে চলতি মৌসুমে গত ৮৭ দিনে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৬৩৯ জনে দাঁড়িয়েছে।
বুধবার (১০ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে ৫৪৭ জন এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে ৯২ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আট শিশুর মধ্যে ঢাকায় ছয়জন, সিলেটে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছে।
এদিকে মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশে নতুন করে ৯৪৫ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৮২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে ল্যাব পরীক্ষায় ৯৪ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ৮৭ দিনে দেশে মোট ৮২ হাজার ২৯ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৬ হাজার ৯৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৯২৭ জনে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ৮৫৩ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৬৩ হাজার ১৪৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

