জামালপুর সদরের নরুন্দি এলাকায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর লিমন নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে।
বুধবার (১০ জুন) সকালে ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, গত রোববার সন্ধ্যায় নরুন্দি বাজার এলাকার ব্রহ্মপুত্র নদের পাড়ে দুই পুলিশ সদস্য হেঁটে যাচ্ছিলেন। এ সময় নদীর ধারে অবস্থান করা লিমন ও তার বন্ধু বাবু পুলিশকে দেখে আতঙ্কিত হয়ে নদীতে ঝাঁপ দেয়। নদীতে ঝাঁপ দেওয়ার পর তারা চিৎকার শুরু করলে দুই পুলিশ সদস্য স্থানীয় জনসাধারণকে সঙ্গে নিয়ে উদ্ধার অভিযান চালান। এতে বাবুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও লিমন নদের তীব্র স্রোতে নিখোঁজ হয়ে যায়।
ঘটনার পরদিন মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ১১ ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করলেও লিমনের কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে নিখোঁজ হওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পর বুধবার সকালে ইটাইল ইউনিয়ন এলাকায় নদীর একটি ডেজার মেশিন পাইপের কাছে তার মরদেহ ভাসতে দেখা যায়।
খবর পেয়ে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নরুন্দি তদন্ত কেন্দ্রর ইনচার্জ এ.টি.এম মাহমুদুল হক বলেন, আমি সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করি। মরদেহের সুরত হাল রিপোর্ট তৈরি করার পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

