শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে বিষধর ‘রাসেল ভাইপার’ সাপের কামড়ে মো. খোরশেদ বালা (৫০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) রাত ১১টার সময় উপজেলার চরসেনসাস ইউনিয়নের বালাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খোরশেদ বালা চরসেনসাস বালা কান্দি গ্রামের মৃত্যু নজরুল ইসলাম বালার ছেলে। তিনি সখিপুর থানা যুবদলের সহসভাপতি ছিলেন।
বুধবার (১০ জুন) দুপুরে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাসির উদ্দিন গণমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে খোরশেদ বালা চরসেনসাস বাজারের দোকানের কাজ শেষে বের হয়ে পাশের দোকানে যাওয়ার পথে রাস্তার পাশের খড়ের স্ত‚প থেকে একটি বিষধর সাপ বের হয়ে তাকে কামড় দেয়। প্রথমে স্থানীয়রা এক ওঝার কাছে নিয়ে যাওয়ার কথা বললেও পরে অবস্থার অবনতি হলে রাতেই স্বজনরা তাকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. নাসির উদ্দিন বলেন, সাপে কাটা একজনকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। কিন্তু হাসপাতালে আনতে তাদের অনেক দেরি হয়ে গিয়েছিল। ধারণা করা হচ্ছে- তাকে রাসেল ভাইপার সাপে কামড় দিয়েছিল।
সখিপুর থানা যুবদলের সভাপতি মাসুম বালা বলেন, খোরশেদ সখিপুর থানা যুবদলের সহ-সভাপতি ছিলেন।
তিনি জানান, খোরশেদ বাজারে দোকান বন্ধ করে কিছুদূর যাওয়ার পরে তাকে এক বিষধর সাপে কামড় দেয়। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা ধারণা করছেন রাসেল ভাইপার সাপ তাকে দংশন করেছিল।
সখিপুর থানার ওসি মোফাজ্জল হোসাইন সাপের কামড়ে যুবদল নেতা খোরশেদ বালার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

