ছাত্রাবাস থেকে রাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট : ১০ জুন ২০২৬, ২০:৩২

ছাত্রাবাসে নিজের কক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ জুন) বেলা ৪টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমজাদের মোড় এলাকার আয়েশা টাওয়ার ছাত্রাবাস থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান।

ওই শিক্ষার্থীর নাম মো. মাহফুজুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ওই মেসে থাকা শিক্ষার্থীরা জানান, মাহফুজুর প্রেমিকার সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে প্রেমিকা তাৎক্ষণিকভাবে ছাত্রাবাসের ম্যানেজারকে অবহিত করেন। পরে ম্যানেজার ও আশপাশের কক্ষের কয়েকজন শিক্ষার্থী রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবির ভুঁইয়া জানান, তার পরিবারের সঙ্গে কথা হয়েছে, তারা জানিয়েছেন মরদেহ যেন ময়নাতদন্তের জন্য না পাঠানো হয়। আমরা এ ব্যপারে পুলিশের সঙ্গে কথা বলেছি এবং সুরতহাল শেষে তার মরদেহ বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে রাখা হবে বলে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, এই শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তার গায়ে কোনো আঘাতের চিহ্ন বা কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। সে কলে থাকা অবস্থায় আত্মহত্যার চেষ্টা শুরু করলে তার প্রেমিকা তার কাছের বন্ধুবান্ধব ও মেসের কেয়ারটেকারকে জানায়। এরপর তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

জানতে চাইলে মতিহার থানার ওসি মোহাম্মদ গোলাম কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় থাকা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।

ইত্তেফাক/এপি