বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

আপডেট : ১১ জুন ২০২৬, ০০:৩২

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা ২৫ হাজার টাকা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব আসতে পারে। বর্তমানে এ সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব দিতে পারেন। শুধু আগামী অর্থবছর নয়, পরবর্তী পাঁচ বছরের জন্য ধাপে ধাপে করমুক্ত আয়সীমা বৃদ্ধির রূপরেখাও বাজেটে থাকতে পারে।

সূত্র অনুযায়ী, ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব থাকতে পারে। ২০২৮-২৯ ও ২০২৯-৩০ অর্থবছরে এটি বাড়িয়ে ৪ লাখ টাকা এবং ২০৩০-৩১ অর্থবছরে সাড়ে ৪ লাখ টাকা করার পরিকল্পনা থাকতে পারে।

বিশেষ শ্রেণির করদাতাদের ক্ষেত্রেও করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব আসতে পারে। নারী করদাতা ও ৬৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে করমুক্ত আয়সীমা ৪ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণের সম্ভাবনা রয়েছে। ২০২৮-২৯ ও ২০২৯-৩০ অর্থবছরে তা ৪ লাখ ৫০ হাজার এবং ২০৩০-৩১ অর্থবছরে ৫ লাখ টাকা করার প্রস্তাব থাকতে পারে।

তৃতীয় লিঙ্গের করদাতা ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা নির্ধারণের প্রস্তাব থাকতে পারে। পরবর্তী দুই অর্থবছরে তা ৫ লাখ ২৫ হাজার এবং ২০৩০-৩১ অর্থবছরে ৫ লাখ ৭৫ হাজার টাকায় উন্নীত করার পরিকল্পনা থাকতে পারে।

গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও গেজেটভুক্ত ‘জুলাই যোদ্ধা’ করদাতাদের জন্য ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে করমুক্ত আয়সীমা ৫ লাখ ২৫ হাজার টাকা করার প্রস্তাব থাকতে পারে। ২০২৮-২৯ ও ২০২৯-৩০ অর্থবছরে তা ৫ লাখ ৫০ হাজার এবং ২০৩০-৩১ অর্থবছরে ৬ লাখ টাকা নির্ধারণের সম্ভাবনার কথা জানিয়েছে সূত্র।

ইত্তেফাক/এনএন