ওমান উপকূলে ভারতীয় জাহাজে হামলা, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল ভারত

আপডেট : ১১ জুন ২০২৬, ০৯:৪৪

ওমান উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন বাহিনীর হামলার ঘটনায় তিন ভারতীয় নাবিক নিখোঁজ হওয়ার পর বুধবার (১০ জুন) যুক্তরাষ্ট্রের এক কূটনীতিককে তলব করেছে ভারত। ঘটনাটি নিয়ে আনুষ্ঠানিক প্রতিবাদও জানিয়েছে নয়াদিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পালাউ-নিবন্ধিত তেল ও রাসায়নিকবাহী ট্যাঙ্কার সেত্তেবেল্লো জাহাজটিতে ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন। হামলার পর ২১ জনকে উদ্ধার করা সম্ভব হলেও তিনজন এখনো নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। 

এ ঘটনার পর নয়াদিল্লিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিকসকে তলব করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাগারাজ নাইডু। ভারত সরকারের পক্ষ থেকে নাবিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানানো হয় এবং হামলার বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়। 

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ওমান উপসাগর অতিক্রমের সময় জাহাজটির বিরুদ্ধে নির্ভুল হামলা চালানো হয়। তাদের দাবি, জাহাজটি মার্কিন বাহিনীর নির্দেশনা মানেনি। অন্যদিকে, যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য তদারকি সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, জাহাজটি ওমানের সোহর বন্দরের উত্তর-পূর্বে ইঞ্জিনকক্ষে আগুন লাগার খবর দিয়েছিল। 

ভারত সরকার বলেছে, সমুদ্রপথে কর্মরত নাবিকদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিখোঁজ ভারতীয়দের খুঁজে বের করতে সব ধরনের কূটনৈতিক ও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। 

সূত্র: আল জাজিরা

 

ইত্তেফাক/ এবিএস