কুমিল্লায় ‎কিশোর গ্যাংয়ের দু’গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশা চালকের

আপডেট : ১১ জুন ২০২৬, ১০:০৮

কুমিল্লার চৌদ্দগ্রামে কিশোর গ্যাংয়ের দু’গ্রুপের সংঘর্ষের সময় পাশে দাঁড়িয়ে থাকা সিএনজি চালিত অটোরিকশাচালক মো. হৃদয় (২৪) নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

বুধবার (১০ জুন) রাত আটটার দিকে উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা পূর্ব বাজারে এই ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো. মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত হৃদয় উপজেলার চিওড়া ইউনিয়নের শাকতলা গ্রামের মৃত হেদায়েত উল্লার ছেলে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ধোড়করা পূর্ব বাজারে খুচরা দোকান থেকে তেল নিতে গিয়ে শাকতলা গ্রামের বাসিন্দা আসিফ হোসেন ও একই গ্রামের বাদশা মিয়ার মোটরসাইকেলের সঙ্গে পার্শ্ববর্তী ঘোষতল গ্রামের প্রান্ত নামের এক কিশোরের মোটরসাইকেলের ঘষা লাগে। এ নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটি হয়।

এরপর প্রান্ত মোবাইলে কল করলে তিনটি মোটরসাইকেলে ঘোষতল গ্রামের রাজিব, রিফাত, পানশিসহ অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জন কিশোর গিয়ে বাজারের ওয়াসিমের গ্যারেজের সামনে শাকতলা গ্রামের কয়েকজনকে মারধর শুরু করে বলে অভিযোগ ওঠে। এসময় গ্যারেজের পাশে দাঁড়িয়ে থাকা শাকতলা গ্রামের হৃদয়ের পেটে চাকু ঢুকিয়ে দেয় এক কিশোর।

পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো. মামুন জানান, ধোড়করা বাজারের একটি দোকানে মোটরসাইকেলের জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে একই ইউনিয়নের ঘোষতল ও শাকতলা গ্রামের কিশোরদের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে সিএনজি চালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

 
ইত্তেফাক /এমএসআর