দিল্লির হোটেলে আগুন লাগার ঘটনায় চিকিৎসাধীন বাংলাদেশি নারীর মৃত্যু 

আপডেট : ১১ জুন ২০২৬, ১১:৩৩

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন থাকা এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ২৩ জনে পৌঁছেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ দিল্লির মালভিয়া নগর এলাকার একটি হোটেলে আগুন লাগার ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন ওই বাংলাদেশি নারী। হাসপাতালে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

দক্ষিণ দিল্লির উপ-পুলিশ কমিশনার অনন্ত মিত্তল এক বিবৃতিতে জানান, চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি একজন বাংলাদেশি নারী। তার মৃত্যুর মধ্য দিয়ে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ২৩ জনে দাঁড়িয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, আগুনে তিনি গুরুতরভাবে দগ্ধ হয়েছিলেন এবং ঘটনার পর থেকেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

গত ৪ জুন মালভিয়া নগরের হাউজ রানি এলাকায় অবস্থিত ফ্লোরিশ স্টেজ বেড অ্যান্ড ব্রেকফাস্ট হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে এবং কয়েকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে গত সপ্তাহে একই ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন এক নাইজেরীয় নাগরিকের মৃত্যু হয়। তখন নিহতের সংখ্যা দাঁড়ায় ২২ জন। সর্বশেষ বাংলাদেশি নারীর মৃত্যুর পর প্রাণহানির সংখ্যা বেড়ে ২৩ জনে পৌঁছেছে।

ইত্তেফাক/এসজে