শিক্ষামন্ত্রীকে শূন্যে ভাসিয়ে উচ্ছ্বাসে মাতলেন এমআইএসটি গ্র্যাজুয়েটরা

আপডেট : ১১ জুন ২০২৬, ১৬:০৪

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে ঘিরে  মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) গ্র্যাজুয়েটরা উচ্ছ্বাসে মেতেছিলেন। বুধবার (১০ জুন) রাতে এমআইএসটি গ্র্যাজুয়েশন নাইট ২০২৬-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী। এসময় তাকে ঘিরে উল্লাস করেন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের আনন্দঘন মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

শিক্ষামন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গ্র্যাজুয়েটরা উচ্ছ্বাসের অংশ হিসেবে শিক্ষামন্ত্রীকে শূন্যে ছুঁড়ে আনন্দ প্রকাশ করছেন। এসময় তাকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়। ভিডিওটির নিচে অনেকেই শুভেচ্ছা, ভালোবাসা এবং দোয়া জানিয়ে মন্তব্য করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে উন্নয়ন ও আধুনিকায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় প্রশাসনিক জটিলতা কমিয়ে শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর ও যুগোপযোগী করার লক্ষ্যে কাজ করছে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। তরুণদের মেধা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর দক্ষতাকে কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

 সবাইকে নিয়ে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার চেষ্টা চলছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

 

ইত্তেফাক/এনটিএম