ব্যাংক হিসাব খুলতে লাগবে টিআইএন

আপডেট : ১১ জুন ২০২৬, ১৬:১৬

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) সনদ দাখিল বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। তবে শিক্ষার্থী ও বিশেষ কিছু শ্রেণির হিসাবধারীদের জন্য এই নিয়মে ছাড় দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট বক্তৃতায় এ প্রস্তাব করেন।

এক্ষেত্রে শিক্ষার্থী, সরকারি ভাতাভোগী এবং গেজেটের মাধ্যমে কর অব্যাহতি পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠান এ বাধ্যবাধকতার আওতায় পড়বে না।

অর্থমন্ত্রী বলেন, স্টুডেন্ট একাউন্ট, নো-ফ্রিলস একাউন্ট ও বোর্ড কর্তৃক গেজেট দ্বারা টিআইএন গ্রহণের বাধ্যবাধকতা হতে অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তি ব্যতীত, অন্য যে কোনো ব্যক্তি, ব্যাংক হিসাব খোলার সময় টিআইএন সনদ দাখিল করার বিধানের প্রস্তাব করছি।

এদিকে কর ফাঁকি রোধ ও রাজস্ব জাল বাড়াতে প্রযুক্তির ব্যবহার আরও জোরদার করার ঘোষণা দেওয়া হয়েছে। সেন্ট্রাল ডাটা ইন্টিগ্রেশন বা কেন্দ্রীয় তথ্য সমন্বয়ের মাধ্যমে এনবিআর-এর জাতীয় তথ্যভাণ্ডারকে জাতীয় পরিচয়পত্র, ব্যাংক, ইউটিলিটি সেবা (বিদ্যুৎ, গ্যাস, পানি), সাব-রেজিস্ট্রি অফিসসহ অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত করা হবে।

অর্থমন্ত্রী বলেন, সেন্ট্রাল ডাটা ইন্টিগ্রেশনের মাধ্যমে এনবিআরের তথ্যভাণ্ডারকে জাতীয় পরিচয়পত্র, ব্যাংক, ইউটিলিটি সেবা, সাব-রেজিস্ট্রি অফিস এবং অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত করে তথ্য আদান-প্রদানের ব্যবস্থা করা হবে।

ইত্তেফাক/এপি