আলোচিত মহিলা লীগ নেত্রী মহুয়া আবারও আটক 

আপডেট : ১১ জুন ২০২৬, ১৯:৫৬

যশোরে আলোচিত কার্যক্রম নিষিদ্ধ মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে আবারও আটক করেছে পুলিশ। বুধবার (১০ জুন) মধ্যরাতে তার নিজ বাড়ি শহরের পালবাড়ি গাজিরঘাট রোড এলাকা থেকে আটক করা হয় তাকে। কোতোয়ালি থানার ইন্সপেক্টর কাজী বাবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নাসিমা সুলতানা মহুয়া পালবাড়ি গাজিরঘাট রোড এলাকার সোহরাব আলী খানের মেয়ে।

এর আগে, ২০২৫ সালের ৮ ডিসেম্বরে নাশকতা মামলায় ডিবি পুলিশের হাতে আটক হয়েছিলেন মহুয়া। পরে তিনি জামিনে মুক্তি পান। 

উল্লেখ্য, নাসিমা সুলতানা মহুয়া যশোর জেলা পরিষদ সদস্য প্রার্থী ছিলেন। এছাড়া তিনি জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনের সংরক্ষিত নারী আসনের প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

এর আগে, এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেও তিনি ব্যাপক আলোচনায় আসেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলের পক্ষে ফেসবুকে সরব ছিলেন তিনি। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিতেন মহুয়া। 

 
ইত্তেফাক/এনটিএম