জঙ্গল সলিমপুরে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ আয়োজন করলেন এসপি মাসুদ

আপডেট : ১১ জুন ২০২৬, ২১:১৬

আইনশৃঙ্খলা ও সামাজিক নানা কারণে আলোচিত চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিল ও আর্জেন্টিনা নামে দুটি দল অংশ নেয়। উৎসবমুখর এ ম্যাচে ৪-১ গোলের ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা।

খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার বার্তা দিতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জঙ্গল সলিমপুর এলাকার আলীনগর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ম্যাচের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সীতাকুণ্ড থানার সদস্য, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ম্যাচে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ব্রাজিল ও আর্জেন্টিনা দলের জার্সি পরে মাঠে নামে। পুরো মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। খেলাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা যায়। দর্শকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে বিদ্যালয় মাঠ।

অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং দলগত চেতনা গড়ে তোলে। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জেলা পুলিশ শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, সমাজের তরুণদের গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেও কাজ করছে। এ ধরনের আয়োজন পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও জোরদার করতে সহায়তা করবে।

আয়োজকরা জানান, সামাজিকভাবে পিছিয়ে থাকা এবং বিভিন্ন সমস্যায় আলোচিত এলাকাগুলোতে তরুণদের ইতিবাচক পথে উদ্বুদ্ধ করতে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও সামাজিক কর্মসূচি অব্যাহত রাখা হবে।

ইত্তেফাক/এসএ