২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে এই বাজেটকে উচ্চাভিলাষী ও বাস্তবতাবিবর্জিত বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (১১ জুন) এক বিবৃতিতে এ মন্তব্য করেন এনসিপির ছায়া বাজেট কমিটির প্রধান ড. আতিক মুজাহিদ।
তিনি বলেন, সরকার প্রস্তাবিত বাজেটে প্রায় আড়াই লাখ কোটি টাকার ঘাটতির কথা উল্লেখ করলেও বাস্তবে এ ঘাটতি সাড়ে চার লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। তার দাবি, বাজেটে নির্ধারিত ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বাস্তবসম্মত নয়।
ড. আতিক মুজাহিদ বলেন, তার ধারণা অনুযায়ী রাজস্ব আদায়ে ২ লাখ কোটিরও বেশি ঘাটতি থেকে যেতে পারে। ফলে প্রকৃত হিসাব বিবেচনায় এবারের বাজেট দেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতির বাজেট হিসেবে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট হিসেবে বিবেচিত হচ্ছে।

