অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দুই বাংলাদেশি আটক

আপডেট : ১১ জুন ২০২৬, ২১:৪৪

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে বিজিবি এ তথ্য নিশ্চিত করে। এর আগে বুধবার রাতে উপজেলার বুরুংগা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ঢাকার সাভার উপজেলার জহরচাঙ্গা গ্রামের মিজানুর রহমান এর ছেলে মো. সামিউল হক (২৪) ও তার মেয়ে মোছা. রাবিয়া খাতুন (৩৬)।

বিজিবি জানায়, গেল রাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র আওতায় বারোমারী বিওপির একটি টহল দল সুবেদার মনিরুজ্জামানের নেতৃত্বে সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে। এসময় সীমান্ত পিলার ১১১২ থেকে প্রায় এক হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে বুরুংগা এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার সময় তাদের আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক দুই বাংলাদেশিদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়েরের পর হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও যাতায়াত রোধে বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।

নালিতাবাড়ী থানার এসআই হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে।

 
ইত্তেফাক/এমএস