ফুটবলের মহাযুদ্ধ শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় এবং স্থানীয় সময় বিকেল ৫টায় মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে পর্দা উঠবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে স্বাগতিক মেক্সিকো ও ২০১০ বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকা।
কিছুদিন আগেই মনে হচ্ছিলো এবারের বিশ্বকাপের খেলা সরাসরি দেখতে পারবেন না বাংলাদেশের সমর্থকরা। অবশ্য সেই শঙ্কার মেঘ কেটেছে। ঘরে বসেই দেশের তিনটি টিভি চ্যানেলে খেলা দেখা যাবে।
রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি বিশ্বকাপের খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও সময় টেলিভিশন। শুধু তাই নয়, ম্যাচগুলো অনলাইনেও উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।
সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন কিংবা স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপ থেকে ঘরে বসেই দেখা যাবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে খ্যাত ফিফা বিশ্বকাপের খেলা।
এছাড়া লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদো খেলা উপভোগ করা যাবে বিভিন্ন অ্যাপ থেকেও। স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স থেকেও দেখা যাবে বিশ্বকাপের খেলা।

