জ্বালানি খাতে দীর্ঘমেয়াদী সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

আপডেট : ১২ জুন ২০২৬, ০৩:২৭

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি খাতের সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়েছে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক। এই বৈঠকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, বৈশ্বিক সরবরাহ চেইনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং প্রযুক্তিগত অংশীদারিত্ব বৃদ্ধির বিষয়ে দুই দেশ একমত হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১০ জুন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন দেশটির নবনিযুক্ত আন্ডার সেক্রেটারি অব এনার্জি কাইল হাউসভিট।

বৈঠকে দুই দেশের জ্বালানি খাতের উন্নয়ন ও স্থায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল জ্বালানি নিরাপত্তা: দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। অবকাঠামো উন্নয়ন: জ্বালানি খাতের অবকাঠামোগত উন্নয়নে মার্কিন বিনিয়োগ ও কারিগরি সহায়তা বৃদ্ধি। নবায়নযোগ্য জ্বালানি: আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্প্রসারণ ও দক্ষতা বৃদ্ধি। প্রযুক্তিগত বিনিময়: জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি আদান-প্রদান এবং বৈশ্বিক জ্বালানি বাজারের ঝুঁকি মোকাবিলায় যৌথ কৌশল গ্রহণ।

বর্তমানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে একটি বাংলাদেশি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফর করছে। সফরকালে তারা দেশটির সরকারি ও বেসরকারি পর্যায়ের গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে একাধিক বৈঠক করবেন। এই সফরের মূল লক্ষ্য হলো জ্বালানি খাতে বিদ্যমান সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করা এবং আধুনিক জ্বালানি প্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি করা।

বিশ্লেষকদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রতিশ্রুতি বাংলাদেশের জ্বালানি খাতে চলমান চ্যালেঞ্জ মোকাবিলায় এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইত্তেফাক/এএম