মারা গেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি খেলোয়াড়

আপডেট : ১২ জুন ২০২৬, ১০:৫১

১৯৭০ সালের ফিফা বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের অন্যতম সদস্য ও কেন্দ্রীয় ডিফেন্ডার ব্রিটো ৮৬ বছর বয়সে মারা গেছেন। বৃহস্পতিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তবে মৃত্যুর কারণ বা বিস্তারিত কোনো তথ্য সংস্থাটি জানায়নি।

১৯৬৪ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের হয়ে মোট ৬১টি ম্যাচ খেলেছেন ব্রিটো। ১৯৬৬ বিশ্বকাপেও তিনি দলের অংশ ছিলেন। ক্যারিয়ারজুড়ে উইলসন পিয়াজ্জার সঙ্গে জুটি বেঁধে ব্রাজিলের রক্ষণভাগকে করেছিলেন দুর্ভেদ্য।

সিবিএফ সভাপতি সামির শাউদ এক বিবৃতিতে বলেন, 'ব্রিটো ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে আমাদের ছেড়ে গেলেন। ১৯৭০ বিশ্বকাপ জয়ে তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।' তিনি আরও বলেন, 'আমাদের এই কিংবদন্তিকে শ্রদ্ধা জানাই। তার লড়াকু মনোভাব যেন আসন্ন বিশ্বকাপে আমাদের খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগায়।'

বিশ্বকাপ জয়ের পাশাপাশি ১৯৭১ সালে কোপা রোকা এবং ১৯৭২ সালে তাসা ইন্দেপেন্দেনসিয়া জয়ী দলেরও অংশ ছিলেন ব্রিটো।

প্রসঙ্গত, সর্বোচ্চ পাঁচবার বিশ্বকাপ জেতা ব্রাজিল শনিবার মরক্কোর বিরুদ্ধে ম্যাচ দিয়ে ষষ্ঠ শিরোপার অভিযান শুরু করতে যাচ্ছে।

ইত্তেফাক/এনএন