প্রতিবন্ধী কিশোরীকে অন্তঃসত্ত্বার অভিযোগ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১২ জুন ২০২৬, ১২:১০

পটুয়াখালীর বাউফলে এক প্রতিবন্ধী কিশোরী (১৪) অন্তঃসত্ত্বার অভিযোগের ঘটনায় স্থানীয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাব্বির খান রাব্বিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ জুন) দুপুর ১টায় পটুয়াখালীর বাউফলের একটা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সাব্বির বগা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তার বাবার নাম সহিদুল ইসলাম খান। জাদুরকাঠী গ্রামে তার বাড়ি।​ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই প্রতিবন্ধী কিশোরী অসুস্থ বোধ করলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসক জানান, কিশোরীটি আড়াই মাসের অন্তঃসত্ত্বা। এরপর ওই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়, ছাত্রলীগ নেতা সাব্বির তার সঙ্গে দৈহিক সম্পর্ক করত।

পাশবিক নির্যাতনের অভিযোগে অন্তঃসত্ত্বা ওই কিশোরীর ঘটনাটি জেলা পুলিশ সুপার অবহিত হওয়ার সঙ্গে সঙ্গে ছাত্রলীগ নেতা সাব্বিরকে গ্রেপ্তারের নির্দেশ দেন।

এদিকে ওই কিশোরীকে বিনামূল্য আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ‘বিচার ফাউন্ডেশন’ নামের একটি মানবাধিকার সংগঠন।

সংগঠনটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, পাশবিক নির্যাতনের শিকার ওই কিশোরীকে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে।

এই ঘটনায় প্রতিবন্ধী কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। আসামি সাব্বির খানকে গ্রেপ্তার করা হয়েছে।

ইত্তেফাক/এনএ