পর্দা উঠেছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পড়েছে চার দেয়ালের বন্দিজীবনেও। কারাবন্দিদের মানসিক সুস্থতা ও বিনোদন নিশ্চিত করতে বিশ্বকাপের ম্যাচগুলো দেখার বিশেষ ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।
গাজীপুরের কাশিমপুর কারাগারের কারাবন্দিদের জন্য এই আনন্দঘন পরিবেশ তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। শুক্রবার (১২ জুন) কারা কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানা গেছে।
কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার মো. জাকির হোসেন বলেন, ‘আমাদের কারাগারে খেলা দেখানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেলিভিশনের কিছুটা সংকট রয়েছে, এজন্য প্রয়োজনে প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখানো হবে।’
কারা সূত্রে জানা যায়, কারাগারের বিভিন্ন ওয়ার্ডে স্থাপিত টেলিভিশনের মাধ্যমে বন্দিরা বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো উপভোগ করতে পারবে। মূলত বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচারিত ম্যাচগুলো দেখার সুযোগ পাবে তারা। এ ছাড়া যেসব স্থানে টিভিতে দেখা সম্ভব হবে না, সেখানে প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখানো হবে।
কারা কর্মকর্তারা জানান, বন্দিদের বিনোদন ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে নিয়মিত বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম পরিচালনা করা হয়। বিশ্বকাপ ফুটবল খেলা প্রদর্শনের উদ্যোগ তারই অংশ। কারাগারের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রেখেই নির্ধারিত সময়সূচি অনুযায়ী বন্দিদের খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে।
কাশিমপুর কারাগার-২ এর জেলার মো. আবুল হোসেন জানান, তাদের কারাগারে প্রায় সাড়ে ৩ হাজার কয়েদি রয়েছে। যারা খেলা দেখতে আগ্রহী, তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, ‘কারাগারের ৯৫ শতাংশ সেলেই বিটিভি রয়েছে এবং সবগুলোতে খেলা দেখার ব্যবস্থা করা হবে।’
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, ‘কারাগারে বন্দিরাও খেলা দেখবে। ইতোমধ্যে জেলা কারাগার ও কাশিমপুর কারাগারে খোঁজ নেওয়া হয়েছে। টেলিভিশনের কোনো সংকট থাকলে সেটিও সমাধানের নির্দেশনা দেওয়া হয়েছে।’

