বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান প্রধান নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে দাউদকান্দি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায়ের পর থেকে জিসান প্রধানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে সর্বশেষ রাত ৮টা ২৯ মিনিটে সক্রিয়তা দেখা যায়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।
আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
জিসান প্রধানের বড় ভাই অ্যাডভোকেট রাসেল আহাম্মেদ বলেন, বৃহস্পতিবার রাতে তার বাড়িতে ফেরার কথা ছিল। কিন্তু এশার নামাজের পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এছাড়া তার ফেসবুক অ্যাকাউন্টও ডিঅ্যাকটিভ করা হয়েছে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করা হয়েছে। তবে এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
দাউদকান্দি উপজেলা যুববিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আরিফ বলেন, জিসান ঢাকা থেকে দাউদকান্দিতে এসে মডেল মসজিদে এশার নামাজ আদায় করেন। পরে তার উপজেলার বিরবাগগোয়ালী গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি। আমরা তার দ্রুত সন্ধান এবং প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
দাউদকান্দি মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. সামছুল আলম প্রধান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

