‘ব্রাজিলের কোচ হওয়া রাষ্ট্রপ্রধানের চেয়েও বেশি চাপের’

আপডেট : ১২ জুন ২০২৬, ১৩:৫১

কাতার বিশ্বকাপে ভরাডুবির পর টালমাটাল অবস্থা ছিল ব্রাজিলের। বাজে পারফরম্যান্স ও অশান্ত পরিবেশ ছিল সেলেসাওদের ড্রেসিংরুমে। তবে কঠিন সেই সময় পেছনে ফেলে বদলে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই পরিবর্তনের রূপকার ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। 

রোববার (১৪ জুন) মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ব্রাজিল। তার আগে যুক্তরাষ্ট্রের বাসকিং রিজের বেস ক্যাম্প থেকে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আনচেলত্তিকে প্রশংসায় ভাসালেন দলের এক নম্বর গোলরক্ষক অ্যালিসন বেকার। তার মতে, আনচেলত্তি আসার পরই বদলে গেছে ব্রাজিলের ড্রেসিংরুমের পরিবেশ। 

Alisson explains how Carlo Ancelotti has 'transformed' Brazil national team  after 'very difficult period' | Goal.com

আনচেলত্তির অধীনে দলে যে মানসিক পরিবর্তন এসেছে, তা উল্লেখ করে অ্যালিসন বলেন, ‘এটা অস্বীকার করার কোনো উপায় নেই, সাম্প্রতিক অতীত আমাদের খেলোয়াড়দের জন্য ভীষণ কঠিন ছিল। নানা কারণে আমরা মাঠের ভেতরে ভুগছিলাম। কিন্তু আনচেলত্তি আসার পর থেকে পুরো পরিবেশটাই বদলে গেছে। তিনি এমন এক ব্যক্তিত্ব, যিনি কোনো বিতর্ক ছাড়াই দলে শান্ত এবং কাজের পরিবেশ তৈরি করতে পারেন।’

শতবর্ষী ব্রাজিল ফুটবল ইতিহাসে আনচেলত্তিই প্রথম বিদেশি কোচ, যিনি সেলেসাওদের ডাগ-আউটে দাঁড়িয়ে বিশ্বকাপ পরিচালনা করতে যাচ্ছেন। ব্রাজিল কোচের ওপর প্রত্যাশার যে চাপ থাকে, সেটাকে দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে তুলনা করে অ্যালিসন বলেন, ‘ফুটবল দুনিয়ায় তিনি সম্ভাব্য সবকিছু জিতেছেন। অথচ এখানে এসেছেন একদম তরুণের মতো নতুন আনন্দ আর উদ্দীপনা নিয়ে। ব্রাজিলের কোচ হওয়া মানে হয়তো দেশের প্রেসিডেন্টের চেয়েও বেশি মানসিক চাপ নেওয়া। তিনি সেই চাপ সামলে আমাদের খেলার ধরন সহজ করে দিয়েছেন।’

ইত্তেফাক/জেডএইচ