পরিবর্তিত বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ধীরে ধীরে প্রচলিত বাজেট কাঠামো থেকে বেরিয়ে আসছে এবং নতুন ধরনের অর্থনৈতিক পরিকল্পনার দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (১২ জুন) বিকেলে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনীতিতে বিনিয়োগের ধরন ও মূল্যায়নের মানদণ্ড দ্রুত পরিবর্তিত হচ্ছে। এ কারণে দেশের পাবলিক ফাইন্যান্স ব্যবস্থাকেও নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য করতে হচ্ছে।
তিনি বলেন, প্রচলিত বাজেট প্রণয়ন কাঠামো থেকে সরকার ধীরে ধীরে বেরিয়ে আসছে এবং অর্থনৈতিক পরিকল্পনায় পরিবর্তন আনা হচ্ছে।
সরকারি ঋণগ্রহণ প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে ব্যাংক খাত থেকে অতিরিক্ত ঋণ নেওয়ার ফলে বেসরকারি খাতের জন্য ঋণপ্রবাহ সংকুচিত হয়েছে। ব্যাংকের মূল কাজ বেসরকারি খাতে অর্থায়ন করা হলেও সরকারি ঋণ চাহিদা বেশি থাকায় এ চাপ তৈরি হয়।
তিনি বলেন, গত দেড় দশকে তৈরি হওয়া কাঠামো রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়, তবে সরকার ইতোমধ্যে সেই পরিবর্তনের সূচনা করেছে।
অর্থমন্ত্রী জানান, চলতি বাজেটে স্থানীয় ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা আগের বছরের তুলনায় প্রায় ৪ থেকে ৫ হাজার কোটি টাকা কমানো হয়েছে।
তিনি আরও বলেন, সরকারের ঋণনির্ভরতা কমানোর এই প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে ব্যাংক খাত থেকে ঋণগ্রহণ আরও কমবে এবং বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়বে।
অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, ঋণনির্ভরতা কমলে বেসরকারি বিনিয়োগ, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও শক্তিশালী হবে।

