২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতির শেষ মুহূর্তে বড় ধাক্কা খেল জাপান। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচের মাত্র তিন দিন আগে বিশ্বকাপ দল থেকে সরে দাঁড়িয়েছেন অধিনায়ক ওয়াতারু এন্দো। একইসঙ্গে আন্তর্জাতিক ফুটবল থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার। ইএসপিএন-এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এন্দো বলেন, ‘বিশ্বকাপ দলে থাকতে না পারার হতাশা অবশ্যই আছে। তবে তার চেয়েও বড় বিষয় হলো, কাতার বিশ্বকাপের পর অধিনায়ক হিসেবে দলের সঙ্গে যে পথচলা করেছি, তা নিয়ে আমি গর্বিত।’
এই বিশ্বকাপ অভিযানের মাধ্যমেই জাতীয় দলের হয়ে আমার যাত্রা শেষ হচ্ছে জানিয়ে জাপান অধিনায়ক বলেন, ‘এখন থেকে আমি একজন সমর্থক হিসেবে জাপানকে উৎসাহ দেব। আমি বিশ্বাস করি, একদিন জাপান অবশ্যই বিশ্বকাপ জিতবে।’
গত ফেব্রুয়ারিতে লিভারপুলের হয়ে সান্ডারল্যান্ডের বিপক্ষে খেলতে গিয়ে পায়ে গুরুতর চোট পান এন্দো। ওই চোটে তার মৌসুম শেষ হয়ে যায়। পরে গত ৩১ মে টোকিওতে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে তিনি জাতীয় দলে ফেরেন। সেই ম্যাচে জাপান ১-০ গোলে জেতে।
তবে ওই ম্যাচে বিরতির পর আর মাঠে নামেননি তিনি। এরপর মেক্সিকোতে জাপানের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পেও অস্বস্তি অনুভব করেন। পূর্ণাঙ্গ অনুশীলনেও অংশ নিতে পারেননি।
এর আগে, সোমবার জাপান দলের বিশ্বকাপ ঘাঁটি ন্যাশভিলে পৌঁছানোর পর অনুশীলনে যোগ দিলেও নির্ধারিত সময়ের মধ্যে পুরো ফিট হতে পারেননি এন্দো।
এ বিষয়ে এন্দো বলেন, ‘চোট পাওয়ার পর থেকে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। তাই আমার কোনো আক্ষেপ নেই।’
জানা যায়, ২০১৫ সালে জাপানের হয়ে অভিষেক হয়েছিল এন্দোর। জাতীয় দলের জার্সিতে তিনি ৭৩টি ম্যাচ খেলেছেন এবং চারটি গোল করেছেন। তিনি ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে জাপানের হয়ে খেলেছেন। কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনের বিপক্ষে জাপানের স্মরণীয় জয়ের ম্যাচেও মাঠে ছিলেন এই অভিজ্ঞ ফুটবলার।
এন্দোর অবসরের ফলে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় অধিনায়ককে বিদায় জানাল জাপান। সম্প্রতি আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচটি ছিল সাবেক অধিনায়ক মায়া ইয়োশিদার বিদায়ী ম্যাচ। গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, এখন জাপানের নতুন অধিনায়ক হতে পারেন কো ইতাকুরা।
বিশ্বকাপের আগে চোটের ধাক্কা জাপানকে বেশ ভুগিয়েছে। কাওরু মিতোমা হ্যামস্ট্রিং চোটের কারণে দলেই জায়গা পাননি। অপরদিকে তাকুমি মিনামিনো হাঁটুর গুরুতর চোটের কারণে অনেক আগেই বিশ্বকাপ থেকে ছিটকে যান।
নেদারল্যান্ডস, তিউনিসিয়া ও সুইডেনকে নিয়ে গঠিত কঠিন গ্রুপে খেলবে জাপান।

