বরগুনার সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফাকে কুপিয়ে আহত করার জেরে পিটুনিতে ইব্রাহিম হোসেন কালু (৩০) নামে এক যুবককে নিহত হয়েছেন। এ ঘটনায় কালুর সহযোগী তৌহিদ ইসলাম শুভ (২২) গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১২ জুন) বিকেল ৪টার দিকে বদরখালী ইউনিয়নের ডেমা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম হোসেন কালু ডেমা গ্রামের সোনা গাজীর ছেলে। আহত তৌহিদ ইসলাম শুভ একই গ্রামের রহিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে কালু বাহিনীর বিরুদ্ধে। শুক্রবার বিকেলে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফার ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে কালু ও তার সহযোগীরা। পরে ক্ষুব্ধ এলাকাবাসী কালু ও তার সহযোগীদের গণপিটুনি দেয়।
গুরুতর আহত অবস্থায় কালু ও শুভকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল ইসরাত জনি কালুকে মৃত ঘোষণা করেন। আহত শুভকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত ইউপি সদস্য গোলাম মোস্তফাকেও উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
বরগুনা সদর থানার ওসি আব্দুল আলীম জানান, ইব্রাহিম হোসেন কালুর বিরুদ্ধে মাদক, ডাকাতি ও চাঁদাবাজিসহ অন্তত ১৩টি মামলা বিচারাধীন রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তাকে অস্ত্র মামলায় গ্রেপ্তার করা হয়েছিল এবং তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে প্রায় চার মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান।
ওসি আরও বলেন, জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে আবারও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন কালু। এসব কর্মকাণ্ডে বাধা দেওয়াকে কেন্দ্র করে ইউপি সদস্য গোলাম মোস্তফার ওপর হামলার ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’
তিনি বলেন, ‘গণপিটুনির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসক কালুকে মৃত ঘোষণা করেন। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং থানায় কোনো মামলা দায়ের হয়নি।’
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

