আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তার আগে বড় সুসংবাদ পেয়েছে আলবিসেলেস্তেরা। চোট পাওয়া গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ সেরে উঠেছেন।
দুই হাতে গ্লাভস পরে পূর্ণাঙ্গ অনুশীলন শুরু করেছেন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ থেকেই এমিলিয়ানো মার্টিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা। শুক্রবার (১২ জুন) তার মেডিকেল ‘টেস্ট’ হয়েছিল।
গত ২০ মে ইউরোপা লিগের ফাইনালের আগে আঙুলের ইনজুরিতে পড়েন মার্টিনেজ। বিশ্বকাপ প্রস্তুতির দুই প্রীতি ম্যাচে তিনি খেলতে পারেননি। তার জায়গায় রুল্লি ছিলেন গোলবারের নিচে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওআইসি স্পোর্টস জানিয়েছে, মার্টিনেজ এখন পুরোপুরি সুস্থ। হাতের ব্যান্ডেজ খুলে গ্লাভস পরেই অনুশীলনও করেছেন।
আর্জেন্টিনার গোল পোস্টের আস্থার নাম মার্টিনেজ। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ে অনন্য ভূমিকা রাখেন এই গোলরক্ষক। সদ্য শেষ হওয়া মৌসুমে অ্যাস্টন ভিলার হয়ে দারুণ পারফর্ম করেছেন তিনি। প্রিমিয়ার লিগে সেরা চারে শেষ করে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত করেছে মার্টিনেজের দল। যাতে বড় ভূমিকা ছিল এই আর্জেন্টাইন গোলরক্ষকের।

