বসনিয়াকে আটকে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেলো কানাডা

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৩:০৮

অবশেষে বিশ্বকাপে পয়েন্টের দেখা পেলো কানাডা। শুক্রবার (১২ জুন) টরন্টোতে বাংলাদেশ সময় দিবাগত রাতে নিজেদের প্রথম ম্যাচে বসনিয়া  বসনিয়া-হার্জেগোভিনার সঙ্গে ১-১ গোল ড্র করেছে স্বাগতিকরা। 

এর আগে ১৯৮৬ ও ২০২২ বিশ্বকাপে মোট ৬ ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছিল কানাডা। কিন্তু এবার ঘরের মাঠে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেইবসনিয়াকে আটকে পয়েন্টের মুখ দেখলো কানাডা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে কানাডা-বসনিয়া। বল পজিশনে এগিয়ে থাকলেও গোল হজম করতে হয় কানাডাকে। ম্যাচের ২১ মিনিটে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করেন বসনিয়ার ফরোয়ার্ড জোভো লুকিচ। কর্নার থেকে ভেসে আসা বলে হেড করে জালে জড়ান তিনি। 

এরপর গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে কানাডা। কিছু সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। 

বিরতি থেকে ফিরেও আক্রমণের ধারা অব্যাহত রাখে কানাডা। অবশেষে ম্যাচের ৭৯ মিনিটে এসে গোলের দেখা পায় তারা। ফরোয়ার্ড কাইল লারিন গোল করে দলকে সমতায় ফেরান। এরপর আর কোনো গোল না হলে ড্র করে মাঠ ছাড়ে দু'দল। 

ইত্তেফাক/জেডএইচ