যুক্তরাষ্ট্র-কানাডার বিরুদ্ধে ভিসা না দেওয়ার অভিযোগ ফিলিস্তিনের ফুটবলপ্রধানের

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৯:১৪

ফিফা বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্র ও কানাডায় যাওয়ার ভিসা পেলেন না ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) সভাপতি জিবরিল রাজৌব। তার দাবি, প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও তিনি এখনও যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রবেশের অনুমতি পাননি। শনিবার (১৩ জুন) আলজাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপের আয়োজক এ দুই দেশের ভিসা না পেলেও আরেক সহ-আয়োজক দেশ মেক্সিকোয় যেতে পেরেছেন বলে জানিয়েছেন জিবরিল রাজৌব। বৃহস্পতিবার মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি।

জানা গেছে,  রাজৌব ছাড়াও বিশ্বকাপে অংশগ্রহণের জন্য আরও কয়েকজন ভিসা পাননি, নয়তো এখনও অনুমোদনের অপেক্ষায় রয়েছেন। তাদের মধ্যে সোমালিয়ার রেফারি এবং ইরাক জাতীয় দলের সঙ্গে থাকা একজন আলোকচিত্রীও রয়েছেন।

এ বিষয়ে রাজৌব বলেন, ‘আম্মানে আমি আবেদন করার পরও তারা আমাকে যুক্তরাষ্ট্রের ভিসা দেয়নি। তাদের এই আচরণ হাস্যকর। এখন মেক্সিকোতে আছি। তিউনিসিয়ার ম্যাচটি দেখব, এরপর ফিলিস্তিনে ফিরে যাবো।’

এর আগে, গত এপ্রিলে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে অংশ নিয়েছিলেন রাজৌব। তবে সে সময় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একটি অনুরোধ তিনি ফিরিয়ে দেন। ইসরায়েলি ফুটবল অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তার সঙ্গে যৌথ ছবিতে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়েছিলেন রাজৌব।

এদিকে রাজৌবের বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। 

গত বছর যুক্তরাষ্ট্র কিছু ফিলিস্তিনি পাসপোর্টধারীর ওপর নতুন বিধিনিষেধ আরোপ করে। এর মধ্যে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করেছেন এমন ব্যক্তিরাও রয়েছেন।

দীর্ঘদিন ধরেই ইসরায়েলের ফুটবল নীতির সমালোচনা করে আসছেন রাজৌব। ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনি ফুটবলারদের চলাচলে বাধা দেয় এবং অধিকৃত পশ্চিম তীরের বসতিগুলোর দলগুলোকে ইসরায়েলের জাতীয় লিগে খেলার সুযোগ দেয় বলে অভিযোগ করেন তিনি।

জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির কারণে বিভিন্ন দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে। এর আগে বৈধ ভিসা থাকা সত্ত্বেও সোমালিয়ার রেফারি ওমর আরতানকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হয়নি। এছাড়া ইরান দলের কয়েকজন সাপোর্টিং স্টাফ এবং সেনেগাল ও আইভরি কোস্টের সমর্থকদেরও ভিসা দেয়নি মার্কিন কর্তৃপক্ষ।

 
ইত্তেফাক/এনটিএম