ইউক্রেনে তিন বছরের মধ্যে সর্বোচ্চ বেসামরিক হতাহতের ঘটনা: জাতিসংঘ

আপডেট : ১৩ জুন ২০২৬, ১২:১৪

ইউক্রেনে চলতি বছরের মে মাসে বেসামরিক হতাহতের সংখ্যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মে মাসে অন্তত ২৭৪ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১ হাজার ৭৬৩ জন আহত হয়েছেন।

শুক্রবার (১২ জুন) প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২২ সালের এপ্রিলের পর এটিই এক মাসে সর্বোচ্চ বেসামরিক হতাহতের ঘটনা। ২০২৫ সালের মে মাসের তুলনায় নিহত ও আহতের সংখ্যা প্রায় ৯৩ শতাংশ বেড়েছে। ওই সময় ১৯১ জন নিহত এবং ৮৬৫ জন আহত হওয়ার ঘটনা নথিভুক্ত হয়েছিল।

জাতিসংঘ জানায়, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে মোট হতাহতের প্রায় ৪৫ শতাংশ ঘটেছে। এসব হামলার বড় অংশ রাজধানী কিয়েভ ও দনিপ্রোর মতো যুদ্ধক্ষেত্র থেকে দূরের শহরগুলোতে হয়েছে।

অন্যদিকে সামনের সারির যুদ্ধাঞ্চলে স্বল্প-পাল্লার ড্রোন হামলা বেসামরিক হতাহতের প্রধান কারণ হয়ে উঠেছে। শুধু মে মাসেই ড্রোন হামলায় ৬৪ জন নিহত এবং ৫৩৯ জন আহত হয়েছেন, যা যুদ্ধ শুরুর পর এক মাসে সর্বোচ্চ বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনে ১৬ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং ৪৬ হাজারের বেশি আহত হয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে।

তবে সংস্থাটি সতর্ক করে বলেছে, রাশিয়ার নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে প্রবেশাধিকার সীমিত থাকায় প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

 
ইত্তেফাক/এসজেএস