বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা ইংল্যান্ড শিবিরে, অনুশীলন সরঞ্জাম চুরি

আপডেট : ১৩ জুন ২০২৬, ১২:৪৮

২০২৬ বিশ্বকাপে নিজেদের যাত্রা শুরু করতে ইংল্যান্ড দলের হাতে এখনো তিন দিন সময় রয়েছে। সে কারণে কিছুটা দেরিতে কানসাস সিটিতে পৌঁছেছে দলটি। তবে সেখানে পৌঁছেই অপ্রত্যাশিত সমস্যার মুখোমুখি হয়েছে ইংলিশরা। ফ্লোরিডা থেকে ক্যাম্পের প্রয়োজনীয় কিছু অনুশীলন সামগ্রী আনার পথে চুরি হয়ে গেছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

ইংল্যান্ড দল ফ্লোরিডার পাম বিচ গার্ডেনসে বিশ্বকাপের আগে তাদের শেষ অনুশীলন বৃহস্পতিবার শেষ করে। এরপর খেলোয়াড়দের জন্য একদিনের বিশ্রাম দেওয়া হয়। ছুটি শেষে শনিবার তারা কানসাস সিটিতে পৌঁছান।

সোপে সকার ভিলেজে নতুন বেস তৈরি করছিল ফুটবল অ্যাসোসিয়েশনের লজিস্টিক বিভাগ। একটি ভ্যান থেকে সরঞ্জাম নামানোর সময় ট্রেনিং কিটসহ কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া যায়নি। ইএসপিএনের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রের দাবি, বর্তমানে কী কী চুরি হয়েছে তা খতিয়ে দেখছে এফএ।

কানসাস সিটি মিসৌরি পুলিশ বিভাগ একটি বিবৃতিতে বলেছে, ‘আমরা একটি দলের গাড়ি থেকে সম্ভাব্য সরঞ্জাম চুরির বিষয়টি তদন্ত করছি। গাড়িটি কানসাস সিটিতে পৌঁছানোর পর দেখা যায় কিছু জিনিস নেই।’

কানসাস সিটির পুলিশ ২ জন সন্দেহভাজনকে আটক করেছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘তদন্ত চলছে এবং দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে।’

ইংল্যান্ড দল এদিকে শনিবার বিকেলে একটি কমিউনিটি ট্রেনিং সেশন আয়োজন করতে যাচ্ছে। দলটি এরপর বুধবার ডালাসে গ্রুপ এল-এ ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে, যা তাদের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ।

ইত্তেফাক/আরএইচ