লাইনে বিড়াল, সাময়িক বন্ধ মেট্রোরেল চলাচল

আপডেট : ১৩ জুন ২০২৬, ১৩:৫৩

রাজধানীর মেট্রোরেলের হাই-ভোল্টেজ ট্র্যাকে একটি বিড়ালের অনুপ্রবেশ ঘটনায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ট্রেন চলাচল। শনিবার (১৩ জুন) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। 

এদিকে এ ঘটনার পর বিভিন্ন স্টেশনে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়। পরে অনেকেই বিকল্প পরিবহন ব্যবহারের জন্য স্টেশন ত্যাগ করেন। এ সময় নতুন কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়া যারা আগে থেকেই টিকিট কেটে স্টেশনে অপেক্ষা করছিলেন, তাদের টিকিটের অর্থ ফেরত দেওয়া হচ্ছে।

সাধারণত কারিগরি ত্রুটি বা সিগন্যাল সমস্যার কারণে ট্রেন থামার নজির থাকলেও, একটি ক্ষুদ্র প্রাণীর উপস্থিতির কারণে পুরো নেটওয়ার্ক থমকে যাওয়ার ঘটনাটি বেশ চমকপ্রদ। তবে কোন স্টেশনের ঠিক কোন পয়েন্টে বিড়ালটি ঢুকেছে, তা এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা বিএমটিসিএল-এর এক কর্মকর্তা জানান, উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইনে যে কোনো প্রাণীর উপস্থিতি বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাই শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতেই ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।

লাইনটি সম্পূর্ণ নিরাপদ এবং ঝুঁকিমুক্ত করার চেষ্টা চলছে জানিয়ে তিনি আরও বলেন, ‘তবে ঠিক কখন নাগাদ চাকা আবার সচল হবে, তা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। ঝুঁকি দূর হওয়ামাত্রই দ্রুততম সময়ে সেবা পুনরায় চালু করা হবে।’

 
ইত্তেফাক/এনটিএম