গাজীপুর মহানগরীর দিগিরচালা এলাকায় অবস্থিত ‘মেট্রিক্স স্টাইলস্ সোয়েটার’ নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (১৩ জুন) সকাল ১০টা ৫ মিনিটের দিকে কারখানাটির ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়।
গাজীপুর ভোগড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার আজিজুল হক অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর ভোগড়া বাইপাস ফায়ার সার্ভিস স্টেশন থেকে পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার ষষ্ঠ তলা থেকে হঠাৎ কালো ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে শ্রমিক ও স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
এখন পর্যন্ত আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

