২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়ে চমক দেখিয়েছিল মরক্কো। এবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আফ্রিকার দেশটি। রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেন মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি। এবারে ব্রাজিলকে অনেকেই ফেভারিটের খাতায় রাখছেন না। তবে সেলেসাওদের প্রতি পূর্ণ সম্মান জানিয়ে মরক্কো অধিনায়ক বলেন, ‘আমরা সবাই ব্রাজিলকে সম্মান করি। কেউ কেউ বলে, এটা আগের সেই ব্রাজিল নয়। কিন্তু ব্রাজিল তো ব্রাজিলই। তারা আবেগপ্রবণ, ফুটবল ভালোবাসে এবং তাদের অসাধারণ গুণাবলি রয়েছে। তারা সত্যিই এই বিশ্বকাপ জিততে চায়।’
ব্রাজিলের প্রথম বিদেশি কোচ হিসেবে এবারের বিশ্বকাপে প্রধান কোচের দায়িত্ব পালন করছেন কার্লো আনচেলত্তি। ব্রাজিল কোচের কৌশল নিয়েও ভাবতে হবে প্রতিপক্ষ দলগুলোকে। যা নিয়ে মজার সুরে হাকিমি বলেছেন, ‘আমি তাকে অনেক সম্মান করি। আমি তার সব বই পড়েছি। হয়তো এতে আমরা কিছুটা সুবিধা পাব। কারণ আমি তার সব গোপন রহস্য জানি।’
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও মরক্কো। একই ভেন্যুতে ১৯ জুলাই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। ওই ম্যাচ শুরুর সময় তাপমাত্রা ৮৮ ডিগ্রি ফারেনহাইট (৩১ ডিগ্রি সেলসিয়াস) থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। সেখানকার উত্তাপের বিষয়টিও নজরে আছে সবার। তবে এতে কোনো অসুবিধা দেখছেন না মরক্কান অধিনায়ক, ‘আমরা গরম আবহাওয়ায় অভ্যস্ত। আমরা আফ্রিকান।’

