মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। ইনজুরির কারণে প্রথম ম্যাচে খেলতে পারছেন না নেইমার— এমন গুঞ্জন আগে থেকেই ছিল। বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে নেইমারকে না পাওয়ার বিষয়টি একপ্রকার নিশ্চিত করে দিয়েছেন সেলেসাওদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি।
ম্যাচ–পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নেইমারের মাঠে ইস্যু নিয়ে কথা বলেন ভিনিসিয়ুস জুনিয়র। তিনি বলেন, ‘নেইমারের ব্যাপারে বলতে গেলে, আমি আশা করি তিনি দ্রুতই ফিরে আসবেন। তিনি আমার আইডল। আমি যা কিছু কৌশল শিখেছি, সব তাকে দেখেই। মাঠে যা কিছু করেছি, তা–ও তাকে অনুকরণ করার একটা চেষ্টামাত্র। তার ফিরে আসাটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি সব সময় আমাকে পরামর্শ দিতেন।’
সর্বশেষ গত ১৭ মে চোটে পড়েন নেইমার। সেদিন সান্তোস এফসির হয়ে কুরিতিবার বিপক্ষে হারা ম্যাচে তার ‘কাফ মাসলে’ (পায়ের পেছনের পেশি) সমস্যা দেখা দেয়। জাতীয় দলে ডাক পাওয়ার আগে সেটিই ছিল এই ব্রাজিলিয়ান তারকার শেষ ম্যাচ।
সান্তোস জানিয়েছিল, চোটটি গুরুতর নয়; এটি কেবল পেশিতে ফোলাভাব (এডিমা)। তবে এরপরও তাকে বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়।
এরপর ২৭ মে ব্রাজিল জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন নেইমার। সেখানে পরীক্ষার পর তার পায়ের পেশিতে গ্রেড-টু চোট ধরা পড়ে। চিকিৎসা চালিয়ে যাওয়ার মধ্যেই দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ক্যাম্পে যোগ দেন তিনি।

