মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে শুরু হবে ম্যাচটি। ইনজুরির কারণে প্রথম ম্যাচে খেলতে পারছেন না নেইমার। তবু নতুন ফুটবলারদের মানসিকভাবে চাঙ্গা রাখতে স্টেডিয়ামের উদ্দেশ্যে সেলেসাওদের অফিশিয়াল টিম বাসে চেপে বসেছেন ব্রাজিলের এই পোস্টার বয়।
ডান পায়ের কাফ ইনজুরির কারণে মরক্কোর বিপক্ষে খেলতে না পারলেও ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীতের সময় দলের বাকি ২৫ জন সতীর্থের সাথে মাঠের একদম কেন্দ্রবিন্দুতে দাঁড়াবেন তিনি।
ফিফার নতুন নিয়ম অনুযায়ী- বিশ্বকাপে স্কোয়াডের ২৬ জন ফুটবলারই ম্যাচ শুরুর মূল ড্রিল এবং জাতীয় সঙ্গীতের সময় একসঙ্গে মাঠে উপস্থিত থাকতে পারবেন। ফলে প্রথাগত একাদশে না থাকলেও আজ মেটলাইফের মাঠে ১০ নম্বর জার্সি গায়েই হাজির থাকছেন নেইমার।
সর্বশেষ গত ১৭ মে চোটে পড়েন নেইমার। সেদিন সান্তোস এফসির হয়ে কুরিতিবার বিপক্ষে হারা ম্যাচে তার ‘কাফ মাসলে’ (পায়ের পেছনের পেশি) সমস্যা দেখা দেয়। জাতীয় দলে ডাক পাওয়ার আগে সেটিই ছিল এই ব্রাজিলিয়ান তারকার শেষ ম্যাচ।

