ভিনিসিয়ুসের দুর্দান্ত গোলে সমতায় ফিরলো ব্রাজিল 

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৪:৪৪

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নেমেছে ব্রাজিল। তবে শুরুটা ভালো হলো না সেলেসাওদের। ম্যাচের ২১ মিনিটে গোল হজম করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে সমতায় ফিরেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।  

ম্যাচে প্রথম ১০ মিনিটে মরক্কো চড়াও হয়ে খেলে। হাই প্রেসিংয়ের মাধ্যমে ব্রাজিলের রক্ষণকে চাপে রেখেছে আফ্রিকার দেশটি।

কিছুটা সময় নিয়ে নিজেদের গুছিয়ে নেয় ব্রাজিল। সেলেসাওদের এক কাউন্টার অ্যাটাক থেকে মরক্কোর ডি-বক্সে দারুণ এক সুযোগও তৈরি হয়েছিল। সতীর্থের দেওয়া পাসে দারুণ পজিশনে বল পেয়ে যান ইগর থিয়াগো। তবে বল জালে জড়াতে ব্যর্থ হন তিনি।  

ম্যাচের ২১ মিনিটে গোলের দেখা পায় মরক্কো। থ্রু পাস ধরে ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসনের মাথার ওপর দিয়ে চিপ করে বল জালে জড়ান মরক্কো ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি।

তবে ৩২ মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। বাঁ প্রান্ত দিয়ে মরক্কোর বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে বল জালে জড়ান ভিনিসিয়ুস। 

ইত্তেফাক/জেডএইচ