মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে গোল করে ব্রাজিলকে হার এড়াতে সহায়তা করার পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও নতুন নজির গড়েছেন ভিনিসিউস জুনিয়র। ব্রাজিলের জার্সিতে ৫০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে পেলে ও রোমারিওর চেয়েও কম সময়ে এই মাইলফলকে পৌঁছান তিনি।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে দুই দল। একসময় পিছিয়ে পড়ে ব্রাজিল।
৩২তম মিনিটে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে একজন ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে বল জালে পাঠান ভিনিসিউস। তার গোলে ম্যাচে ১-১ সমতা ফেরায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
মরক্কোর বিপক্ষে এই ম্যাচটি ছিল ভিনিসিউসের ৫০তম আন্তর্জাতিক উপস্থিতি। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড জাতীয় দলের হয়ে এ পর্যন্ত ১০টি গোল করেছেন। বিশ্বকাপে এটি তার দ্বিতীয় গোল।
৫০ ম্যাচ পূর্ণ করতে সময়ের দিক থেকেও তিনি গড়েছেন রেকর্ড। ব্রাজিলের হয়ে এই মাইলফলকে পৌঁছাতে রোমারিওর লেগেছিল সাত বছর এবং পেলের প্রায় এক দশক। ভিনিসিউস সেখানে মাত্র ৬ বছর ৯ মাসে ৫০ ম্যাচ খেলেছেন।
ব্রাজিল বিশ্বকাপ মিশন শুরু করেছে ড্র দিয়ে। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে ভিনিসিউসের অর্জন দলের জন্য ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে।

