আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন

আপডেট : ১৪ জুন ২০২৬, ১৮:৪৪

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় আজান দেওয়ার সময় মসজিদের ভেতরেই এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। আজানের শাহাদাত অংশ উচ্চারণের সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাটি স্থানীয় মুসল্লিদের মধ্যে শোকের আবহ সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত মুয়াজ্জিনের নাম আব্দুল লতিফ। গত মঙ্গলবার (৯ জুন) কেরালার একটি মসজিদে আজান দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজানের একপর্যায়ে আল্লাহর একত্ববাদের সাক্ষ্যসংবলিত শাহাদাত বাণী উচ্চারণ করছিলেন আব্দুল লতিফ। ঠিক সেই সময় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে মসজিদের ভেতরেই পড়ে যান।

ঘটনার পর উপস্থিত মুসল্লিরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। তবে পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আজানের একটি অংশ সম্পন্ন করার পরই তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। অনেকে এটিকে মুসল্লিদের নামাজের আহ্বান জানাতে গিয়ে মৃত্যুবরণের বিরল ঘটনা হিসেবে উল্লেখ করেছেন এবং মরহুমের জন্য দোয়া করেছেন।

তবে আব্দুল লতিফের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য জানা যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

ইত্তেফাক/এসএ