বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে সবচেয়ে বড় আলোচনা এখন সেন্টার ফরোয়ার্ড পজিশন নিয়ে। আলজেরিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে লিওনেল স্কালোনি কাকে একাদশে রাখবেন—হুলিয়ান আলভারেজ নাকি লাউতারো মার্তিনেজ, তা নিয়েই চলছে জোর আলোচনা।
টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক বছর ধরে স্কালোনির পরিকল্পনায় এগিয়ে ছিলেন হুলিয়ান আলভারেজ। কাতার বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে ম্যাচের পর থেকেই তিনি জাতীয় দলের আক্রমণভাগে নিজের জায়গা পাকাপোক্ত করে নেন। গতি, নিরলস পরিশ্রম এবং লিওনেল মেসির সঙ্গে দারুণ বোঝাপড়ার কারণে কোচের আস্থাও অর্জন করেছেন তিনি।
বিশ্বকাপে পোল্যান্ড, অস্ট্রেলিয়া ও ক্রোয়েশিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ গোল করে আলোচনায় আসেন আলভারেজ। তবে সাম্প্রতিক গোড়ালির চোট তার অবস্থান কিছুটা নড়বড়ে করে দিয়েছে। চোটের কারণে কয়েকটি প্রস্তুতি ম্যাচে খেলতে না পারায় সুযোগ পান লাউতারো মার্তিনেজ।
সেই সুযোগ কাজে লাগিয়ে নিজের দাবিও জোরালো করেছেন ইন্টার মিলানের অধিনায়ক। হন্ডুরাসের বিপক্ষে গোল করার পাশাপাশি বর্তমানে তিনি পুরোপুরি ফিট অবস্থায় রয়েছেন। ফলে বিশ্বকাপের প্রথম ম্যাচে তাকে শুরুর একাদশে দেখার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
পরিসংখ্যানেও দুই তারকার লড়াই বেশ কাছাকাছি। সর্বশেষ মৌসুমে ক্লাব ফুটবলে ৪১ ম্যাচে ২২ গোল ও ৬টি অ্যাসিস্ট করেছেন মার্তিনেজ। অন্যদিকে আতলেতিকো মাদ্রিদের হয়ে ৪৯ ম্যাচে ২০ গোলের পাশাপাশি ৯টি অ্যাসিস্ট করেছেন আলভারেজ।
যদিও দীর্ঘমেয়াদে স্কালোনির আস্থার তালিকায় এখনো সামান্য এগিয়ে আছেন আলভারেজ। তবে বর্তমান ফিটনেস ও ম্যাচ প্রস্তুতির বিচারে লাউতারোও শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন।
সব মিলিয়ে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই—মেসির সামনে আক্রমণের নেতৃত্ব দেবেন কে, হুলিয়ান আলভারেজ নাকি লাউতারো মার্তিনেজ? বিশ্বকাপের শুরুতেই সেই উত্তর মিলতে পারে।

