আজ রাতে স্পেনের প্রথম ম্যাচের প্রতিপক্ষ নবাগত কেপ ভার্দে

আপডেট : ১৫ জুন ২০২৬, ১৩:১৮

ফুটবলের ইতিহাসে কিছু কিছু সময় আসে, যখন কোনো এক তরুণ প্রতিভা শুধু একটি দলের নয়, একটি দেশের স্বপ্ন হয়ে ওঠে। তার পায়ের ছন্দে জেগে ওঠে গ্যালারি, তার স্পর্শে বদলে যায় ম্যাচের গল্প, আর তার চোখে ধরা পড়ে ভবিষ্যতের সোনালি আকাশ। স্পেনের লামিনে ইয়ামাল আজ সেই স্বপ্নের নাম, সেই আলো, সেই প্রতিশ্রুতি।

মাত্র ১৮ বছর বয়সেই তিনি হয়ে উঠেছেন বিশ্ব ফুটবলের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। বল যখন তার পায়ে এসে থামে, মনে হয় যেন কোনো কবি শব্দ দিয়ে কবিতা লিখছেন। তার ড্রিবলিংয়ে শিল্পীর মুগ্ধতা, পাসে সুরকারের মাধুর্য, আর শটে বজ্রপাতের তীব্রতা। ইউরো জয়ের মঞ্চে যে কিশোর পুরো ইউরোপকে বিস্মিত করেছিল, সেই ইয়ামাল আজ স্পেনের ভবিষ্যৎ নন, তিনি স্পেনের বর্তমান। ২০২৬ বিশ্বকাপ তার জীবনের প্রথম বিশ্বকাপ। কিন্তু স্বপ্নের উচ্চতা বয়সের চেয়ে অনেক বড়। তিনি নিজেই বলেছেন, ২১ বছর পূর্ণ হওয়ার আগেই স্পেনকে বিশ্বকাপ জেতাতে চান। ব্যক্তিগত পুরস্কার, গোল বা অ্যাসিস্ট নয়, তার চোখে এখন শুধু একটিই ছবি, বিশ্বকাপ ট্রফি হাতে স্পেনের উল্লাস।

সেই স্বপ্নযাত্রার সূচনা হচ্ছে বিশ্বকাপে প্রথম বারের মতো খেলতে আসা কেপ ভার্দের বিপক্ষে। আজ রাতে আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে যখন লা রোজারা মাঠে নামবে, কোটি স্প্যানিশ সমর্থকের দৃষ্টি থাকবে এক তরুণের দিকে। কারণ তারা জানেন, ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা আছে এই বিস্ময়বালকের। স্পেন এক সময় শুধু ভালো ফুটবল খেলত, কিন্তু ২০০৮ ইউরো, ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ের পর তারা হয়ে ওঠে বিশ্ব ফুটবলের সৌন্দর্যের প্রতীক। সেই সোনালি প্রজন্মের উত্তরসূরি হয়ে আজ নতুন যুগের নেতৃত্ব দিচ্ছেন ইয়ামাল, পেদ্রি, নিকো উইলিয়ামসরা। 

২০২২ কাতার বিশ্বকাপে মরক্কোর কাছে হতাশাজনক বিদায়ের পর নতুন করে ঘুরে দাঁড়িয়েছে স্পেন। ইউরো ২০২৪ জয়ের মধ্য দিয়ে তারা আবারও ফিরেছে শিরোপার কক্ষপথে। কোচ লুইস দে লা ফুয়েন্তের হাতে গড়ে ওঠা এই দলকে অনেকেই এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট মনে করছেন। মধ্যমাঠে পেদ্রি ও রদ্রির নিয়ন্ত্রণ, আক্রমণে নিকো উইলিয়ামসের গতি আর ইয়ামালের জাদুকরী সৃজনশীলতা-সব মিলিয়ে লা রোজা যেন আবারও বিশ্বজয়ের স্বপ্ন দেখছে। 

বিশ্বকাপ ইতিহাসে ছোট দলের রূপকথা কম নয়। তাই কেপ ভার্দেকেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আফ্রিকার এই নবাগত দল নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় মঞ্চে নামছে প্রবল আত্মবিশ্বাস নিয়ে। কিন্তু তাদের সামনে দাঁড়িয়ে আছে এমন এক স্পেন, যারা শুধু ম্যাচ জিততে নয়, ট্রফি জিততে এসেছে। আর সেই মিশনের সবচেয়ে উজ্জ্বল মুখ লামিনে ইয়ামাল। স্প্যানিশ ক্লাব বার্সেলোনাতে খেলা এই টগবগে তরুণ স্পেনের নতুন আশা, নতুন মহাকাব্যের নায়ক। বিশ্বকাপের মহামঞ্চে সেই রাজপুত্রের গল্পের নতুন অধ্যায় শুরু হচ্ছে আজ রাতেই।

ইত্তেফাক/জেডএইচ