যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে স্বাগত জানালো বাংলাদেশ

আপডেট : ১৫ জুন ২০২৬, ১৭:৩১

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি চূড়ান্ত হওয়াকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সব সময় সংলাপ ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা প্রশমন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে। সাম্প্রতিক এই ইতিবাচক অগ্রগতিতে অবদান রাখা সংশ্লিষ্ট সব পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টারও প্রশংসা করেছে বাংলাদেশ।

চুক্তিটি আন্তরিকতার সঙ্গে বাস্তবায়িত হবে এবং এটি টেকসই ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

বাংলাদেশ মনে করে, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ অগ্রগতিকে ভিত্তি করে বাকি অমীমাংসিত বিষয়গুলোও সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

ইত্তেফাক/এমএএম