পায়ের রগ কেটে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

আপডেট : ১৫ জুন ২০২৬, ১৭:৩৮

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ডিএন অটো রাইস মিলের মালিক মোস্তাফিজুর রহমানকে পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্ত্রী শিল্পীর বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত সন্দেহে তার সাবেক স্ত্রীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ জুন) রাতে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোস্তাফিজুর রহমান। 

ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন বোচাগঞ্জ থানার ওসি মিজানুর রহমান।

এর আগে, শনিবার দুপুরে বোচাগঞ্জ উপজেলায় ডিএন অটো রাইস মিলে এ ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, এর আগে অনেকবার মোস্তাফিজুর রহমানের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছিল তার সাবেক স্ত্রীর বিরুদ্ধে। বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, মৃতের স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 
ইত্তেফাক/এমএসআর