গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বরে শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কালি লেপনের প্রতিবাদে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
সোমবার (১৫ জুন) দুপুর পৌনে ১২টার দিকে তারা উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে তারা এই অবরোধ করেন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগের ৪০–৫০ জন নেতা–কর্মী মিছিল করছেন। তারা সড়কে আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি শেখ মুজিবের ম্যুরালে কালি লেপনের প্রতিবাদ জানান। তারা প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে উভয় পাশে যান চলাচল ব্যাহত হয় এবং বেশ কয়েকটি যানবাহন আটকা পড়ে।
তবে এই মিছিলে কারা নেতৃত্ব দিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন সরদার সোমবার দুপুরে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এই বিক্ষোভ মিছিলের ভিডিওটি শেয়ার করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ জুন রাতে কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কে বা কারা কালি লেপন করেন। এর পরদিন রাতে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে সেই ম্যুরালের কালি মুছে পরিষ্কার করতে দেখা যায়। ম্যুরাল পরিষ্কার করার ওই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে স্থানীয় ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘শুনেছি ছাত্রলীগের নেতা–কর্মীরা মিছিল করছিলেন। ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

