বগুড়ায় প্রতিমন্ত্রী শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে তিন ইউনিয়ন গঠনের অভিযোগ

আপডেট : ১৫ জুন ২০২৬, ২১:৫৪

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলম তার পৈতৃক বাসভবন ‘মীরবাড়ী’র নামে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নতুন ইউনিয়নের নামকরণ করেছেন বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে তার দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত এবং মীর সাকলাইন আলম দিগন্তের নামানুসারে মোকামতলা উপজেলার দুটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে ‘সীমান্ত ইউনিয়ন’, ‘দিগন্ত ইউনিয়ন’- এমন অভিযোগও রয়েছে।

এর আগে, রোববার (১৪ জুন) বগুড়ার শিবগঞ্জ এবং নবঘোষিত মোকামতলা উপজেলায় নতুন চারটি ইউনিয়ন গঠন করে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়। এই গেজেট প্রকাশিত হলে নতুন এ তিনটি ইউনিয়নের নামকরণ নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

শিবগঞ্জ উপজেলায় গঠিত নতুন ইউনিয়নের নামকরণ করা হয়েছে ‘মীরবাড়ী ইউনিয়ন’। অন্যদিকে নবঘোষিত মোকামতলা উপজেলায় গঠিত নতুন তিনটি ইউনিয়নে নামকরণ করা হয়েছে ‘সীমান্ত ইউনিয়ন’, ‘দিগন্ত ইউনিয়ন’ এবং ‘স্বর্ণগ্রাম ইউনিয়ন’।

এ বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনার পর এ নিয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সোমবার (১৫ জুন) জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ এ নিয়ে প্রশ্ন তোলেন সংসদে।

সংসদে মাসুদ বলেন, ‘স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর এলাকার দুইটি উপজেলায় কয়েকটি ইউনিয়ন হয়েছে। সেখানে ওনার পরিবার বা মীর বংশের নামে একটা ইউনিয়নের নাম করা হয়েছে। ওনার দুই সন্তানের নামে দিগন্ত ও সীমান্ত দুই সন্তানের নামে দুইটা ইউনিয়নের নাম করা হয়েছে।’

পরে সংসদে ২৭৪ বিধিতে ব্যক্তিগত কৈফিয়ত দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। তিনি বলেন, ‘আমার নির্বাচনি এলাকা মোকামতলার দূরবর্তী দুইটি ইউনিয়ন সৈয়দপুর ও দেউলী ইউনিয়ন। এই দুইটি ইউনিয়ন অনেক বড় ছিল। স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসক যাচাই বাছাই করে গণশুনানি করে সৈয়দপুর ইউনিয়নটি যেহেতু গাবতলী ও সোনাতলা সীমান্তে, সেই কারণে সৈয়দপুরের সঙ্গে নাম মিল করে সীমান্তবর্তী হওয়ায় নতুন ইউনিয়নের নাম করেছে সীমান্ত ইউনিয়ন।’

তিনি আরও বলেন, ‘আরেকটি ইউনিয়নের নাম ছিল দেউলী ইউনিয়ন। যেটি গাইবান্ধার একদম কাছে, অনেক দূরে হওয়ায় যে কারণে স্থানীয় প্রশাসন এবং জনগণের শুনানিতে সেই ইউনিয়নের নাম রাখা হয়েছে দিগন্ত ইউনিয়ন।’

এসময় তিনি দেশের বিভিন্ন জায়গায় সীমান্ত ও দিগন্ত নামে যে সব স্থান রয়েছে, সেগুলোরও উদাহরণ টানেন সংসদেপরে জামায়াতের এমপির উদ্দেশে মীর শাহে আলম বলেন, ‘এরকম সীমান্ত ও দিগন্ত নামকরণ বহু নাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে। উনি কেন এর সঙ্গে আমার সন্তানদের নাম জড়ালেন।’

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মিরাক্যালি আমার সন্তানদের নামের সঙ্গে মিলে গেছে ঠিকই। আমার সন্তানের নাম হচ্ছে মীর সীমান্ত ও মীর দিগন্ত। আমার যদি ইনটেনশন থাকতো সন্তানের নামে ইউনিয়নের নামকরণ করার, তাহলে তো আমি প্রশাসনকে বলতাম মীর সীমান্ত ও মীর দিগন্ত রাখার। কিন্তু ইউনিয়নের নামের আগে তো মীর নাই মাননীয় স্পিকার।’।

এর আগে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিনও সোমবার ফেসবুকে দেওয়া পোস্টে প্রতিমন্ত্রীকে ‘বগুড়ার নতুন জমিদার’ বলে মন্তব্য করেন। মনিরা শারমিন তার পোস্টে লেখেন, ‘স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বগুড়ার নতুন জমিদার। ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তন করে বংশীয় ও সন্তানদের নামে নামকরণ করছেন। নতুন ইউনিয়নের নাম মীরবাড়ি, সীমান্ত, দিগন্ত। আহ্‌! ক্ষমতা!’

অন্যদিকে, এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ডিও লেটার (আধা সরকারি পত্র) পাওয়ার পর দুই উপজেলার প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করে চারটি নতুন ইউনিয়ন গঠনের জন্য উদ্যোগ নেওয়া হয়। নামকরণের আগে এলাকাবাসীর মতামত গ্রহণের জন্য গণশুনানি করা হয়। সেখানে মোকামতলা উপজেলায় দেউলী ইউনিয়ন ভেঙে দুটি ইউনিয়ন করা হয়েছে। এ কারণে দেউলী নামের সঙ্গে সামঞ্জস্য রেখে দিগন্ত ইউনিয়ন নামকরণ করা হয়েছে। এ ছাড়া সৈয়দপুর ইউনিয়ন সোনাতলা ও গাবতলী উপজেলার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় এ ইউনিয়ন ভেঙে সীমান্ত ইউনিয়ন নামকরণ করা হয়েছে। তবে  ‘মীরবাড়ি’ ইউনিয়নের নামকরণের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ইউএন।

আর বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে শিবগঞ্জ উপজেলায় একটি এবং মোকামতলা উপজেলায় নতুন তিনটি ইউনিয়ন পরিষদ গঠন করে গেজেট প্রকাশ করা হয়েছে। নতুন ইউনিয়নের নামকরণের প্রস্তাব এসেছে উপজেলা প্রশাসন থেকে। কোন ব্যক্তি কিংবা কারও বংশের নামানুসারে নতুন ইউনিয়নের নামকরণের প্রস্তাব উপজেলা প্রশাসন থেকে আসলে এ বিষয়ে জেলা প্রশাসনের কিছুই করণীয় নেই।

ইত্তেফাক/এটিএন