প্রথমবার বিশ্বকাপে খেলতে এসেই চমক দেখালো কেপ ভার্দে। স্পেনের বিপক্ষে বিশ্বকাপের অভিষেক ম্যাচেই পয়েন্টের দেখা পেয়েছে দেশটি। দুর্দান্ত খেলে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের আটকে দিয়েছে কেপ ভার্দে। স্মরণীয় এক ড্র করে প্রথম বিশ্বকাপ পয়েন্ট তুলে নিয়েছে তারা।
মাঠের লড়াইয়ে বলের দখল পুরোপুরি স্পেনের নিয়ন্ত্রণেই ছিল। তবে গোলের দেখা পায়নি তারা। প্রথমার্ধের শেষ দিকে এসে একের পর এক আক্রমণ করে তারা। তোরেস গোল করার এক সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন, তার শটটি প্রতিহত হয় ক্রসবারে লেগে।
এছাড়া প্রথমার্ধে দুর্দান্ত পারফর্ম করেছেন কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়া। বেশ কয়েকটি সেভ দিয়েছেন তিনি।
প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে তোরেস ও লাপোর্তের দুটি নিশ্চিত আক্রমণ নষ্ট করে দেয় কেপ ভার্দের ডিফেন্স। এতেই গোলশূন্য থেকেই বিরতিতে যেতে হয় স্প্যানিশদের।
বিরতি থেকে ফিরেও আক্রমণ অব্যাহত রাখে স্পেন। তবে কেপ ভার্দের ডিফেন্স ভাঙতে ব্যর্থ হয় তারা। গোলের আশায় ম্যাচের ৭১ মিনিটে মিকেল মেরিনোর বদলি হয়ে মাঠে নামেন লামিনে ইয়ামাল।
এরপর একের পর এক আক্রমণ করেও ডেকলক ভাঙতে ব্যর্থ হয় স্পেন। অন্যদিকে, কাউন্টার অ্যাটাকে কিছু সুযোগ তৈরি করে কেপ ভার্দে। তবে সুবিধা করতে পারেনি তারা। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে দু'দল।

