ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তিনি বলেছেন, সমঝোতাটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে হয়েছে এবং ইসরায়েল নিজস্ব নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ বিবেচনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া চুক্তির বিস্তারিত বিষয়ে তিনি নিশ্চিত নন। তার ভাষ্য অনুযায়ী, এই উদ্যোগ ট্রাম্পের ছিল এবং এটি যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ইসরায়েলের নিজস্ব স্বার্থ রয়েছে এবং সে অনুযায়ী দেশটি ব্যবস্থা নেবে।
ইরান প্রসঙ্গে নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েল ইরানের নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে, দেশটির নিরাপত্তা কাঠামোকে গুরুতরভাবে দুর্বল করেছে এবং সম্ভাব্য পারমাণবিক হুমকি থেকে নিজেদের সুরক্ষিত রেখেছে। তিনি বলেন, ইসরায়েল ও তার জনগণের বিরুদ্ধে ধ্বংসাত্মক ঝুঁকি প্রতিহত করা হয়েছে এবং দেশটিকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করা হয়েছে। তবে এই লড়াই এখনো শেষ হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
লেবানন পরিস্থিতি নিয়ে বক্তব্যে নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহ যেসব কৌশলগত এলাকা ব্যবহার করে ইসরায়েলের জন্য হুমকি তৈরি করত, সেগুলোর নিয়ন্ত্রণ এখন ইসরায়েলের হাতে। তিনি সতর্ক করে বলেন, সীমান্তবর্তী এলাকায় কোনো সশস্ত্র গোষ্ঠীকে অবস্থান গড়ে তুলতে দেওয়া হবে না।
লেবাননের বাফার জোনে ইসরায়েলি উপস্থিতি অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, সামরিক অভিযান পরিচালনার স্বাধীনতা বজায় রাখতে ইসরায়েল কাজ করে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে নেতানিয়াহু স্বীকার করেন, তাদের মধ্যে সময় সময় মতপার্থক্য দেখা দেয়। তবে দুই দেশের সম্পর্ক ও সমন্বয় অব্যাহত রয়েছে বলে ইঙ্গিত দেন তিনি।

