ফিফা বিশ্বকাপের ইতিহাসে বিরল এক ঘটনার সাক্ষী হলো ফুটবল বিশ্ব। সোমবার (১৫ জুন) ২০২৬ বিশ্বকাপের পঞ্চম দিনে হয়েছে চারটি ম্যাচ। সবগুলো ম্যাচই শেষ হয়েছে সমতায়। একটি ম্যাচেও আসেনি রেজাল্ট।
বিশ্বকাপের পঞ্চম দিনে স্পেন–কেপ ভার্দে ০–০, বেলজিয়াম–মিসর ও সৌদি আরব–উরুগুয়ে ১–১ এবং ইরান–নিউজিল্যান্ড ২–২ ড্র করেছে। ৬৮ বছর পর ফিফা বিশ্বকাপের ইতিহাসে এক দিনে চারটি ড্র দেখলো ফুটবল বিশ্ব।
পরিসংখ্যান বলছে, ১৯৩০ সালে বিশ্বকাপ শুরুর পর থেকে এক দিনে চারটি ম্যাচ ড্র হওয়ার ঘটনা মাত্র দুইবার ঘটেছে।
এর আগে ১৯৫৮ বিশ্বকাপ একদিনে চারটি ম্যাচ ড্র হয়েছিল। গ্রুপ পর্বে ১৫ জুন ড্র করেছিল সুইডেন–ওয়েলস (০–০), যুগোস্লোভিয়া–প্যারাগুয়ে (৩–৩), ইংল্যান্ড–অস্ট্রিয়া (২–২) ও নর্দান আয়ারল্যান্ড–জার্মানি (২–২)।
দীর্ঘ ৬৮ বছর পর আবারও সেই বিরল রেকর্ডের পুনরাবৃত্তি হলো। ১৯৫৮ বিশ্বকাপে যে দিনে এই কীর্তি গড়া হয়েছিল, কাকতালীয়ভাবে সে দিনটাও ছিল ১৫ জুন।

