অসুস্থ অবস্থায় চিকিৎসার আশায় রাজবাড়ীর পাংশায় একটি বেসরকারি ক্লিনিকে এসে উপস্থিত হয়েছে একটি বুনো হনুমান। অবুঝ প্রাণীটির এভাবে ক্লিনিকে চলে আসার ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার হামিদা মেডিকেল সেন্টারে এ ঘটনা ঘটে বলে জানায় রাজবাড়ী জেলা সহকারী বন সংরক্ষক সানজিদা সুলতানা।
প্রত্যক্ষদর্শী সৈয়দ মেহেদী হাসান জানান, দুপুরে হনুমানটি দুর্বল ও অসুস্থ অবস্থায় ক্লিনিকের ভেতরে ঢুকে পড়ে। কিছুক্ষণ এদিক-সেদিক ঘোরাঘুরির পর সেটি শান্তভাবে বসে থাকে। বিষয়টি নজরে এলে ক্লিনিকের চিকিৎসক ও কর্মচারীরা প্রাণীটির প্রতি সহানুভূতি দেখান এবং প্রাথমিকভাবে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
খবর পেয়ে স্থানীয় লোকজন ক্লিনিকে ভিড় জমায়। অনেকে ধারণা করছেন, অসুস্থতা ও খাবারের সন্ধানে হনুমানটি লোকালয়ে চলে এসেছে। কেউ কলা, কেউ রুটি, কেউবা ডাব কেটে খাবার দিচ্ছে হনুমানটিকে।
পাংশা উপজেলা বন কর্মকর্তা আজিজুল হক বলেন, হনুমানটিকে আটক করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হনুমানটিকে রাখার জন্য খাঁচা তৈরি করতে দেওয়া হয়েছে। খাঁচা তৈরি হয়ে গেলে তাকে রাজবাড়ীতে নেওয়া হবে। এরপর ঊর্দ্ধতনদের নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে।
রাজবাড়ী জেলা সহকারী বন সংরক্ষক সানজিদা সুলতানা বলেন, খবর পেয়ে বন বিভাগ ও প্রাণী সম্পদ কর্মকর্তারা ওই ক্লিনিকে গিয়েছে। ইতিমধ্যে বন বিভাগের ওয়্যারলেস টিমকে খবর দেওয়া হয়েছে। বন বিভাগ অসুস্থ হনুমানটিকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে।
সানজিদা সুলতানা আরও বলেন, এরআগেও হনুমানটি একটি ক্লিনিকে ঢুকে পড়েছিলো অসুস্থ অবস্থায়। তখন বন বিভাগের কর্মকর্তারা আটকের চেষ্টা করলেও পালিয়ে যায়।

